নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বোকো হারামের হামলা, নিহত ২০



অনলাইন ডেস্কঃ নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় মাইদুগুরি নগরীর একটি সামরিক ঘাঁটি ও আশপাশের কয়েকটি গ্রামে হামলা চালিয়েছে বোকো হারাম। এ হামলায় কমপক্ষে ২০ জন নিহত ও ৮৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে সোমবার মাইদুগুরিতে সামরিক বাহিনীর সিনিয়র এক কর্মকর্তা বলেন, বোকো হারাম যোদ্ধারা নগরীর প্রবেশ পথের কাশিউ বাগান এলাকার একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে ব্যাপক যুদ্ধ বেধে যায়।

তিনি আরও বলেন, ‘‘রবিবার স্থানীয় সময় রাত ৮ টা ৫০ মিনিটে বোকো হারামের ১৮ জন জঙ্গি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এ সময় সাত আত্মঘাতী জঙ্গি পার্শ্ববর্তী বালিশুয়ার ও আলীকারান্তি গ্রামের বাসিন্দাদের লক্ষ্য করে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। জঙ্গিরা সৈন্যদের লক্ষ্য করে মর্টার হামলা চালায়।’’

এদিকে নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান নিরাপত্তা কর্মকর্তা বেলো দাম্বাতো বলেন, বোকো হারামের এ সমন্বিত হামলায় প্রাথমিকভাবে ১৮ নিহতের খবর পাওয়া যায়। তবে পরে হাসপাতালে আরও দু’জনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়ায়। এছাড়া বোকো হারামের হামলায় ৮৩ জন আহত হয়েছেন বলেও জানান তিনি।

সূত্র: এএফপি

Post a Comment

Previous Post Next Post