সিলেটে ব্যবসায়ীর ওপর হামলা, ওয়ার্কশপে অগ্নিসংযোগের অভিযোগ


স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরের দরগাগেইট এলাকায় এক ব্যবসায়ীর ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও তার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রফিকুল ইসলাম নামের ওই ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে দরগাগেইটের রাজার গলি এলাকায় অবস্থিত ‘জনতা ওয়েল্ডিং অ্যান্ড ওয়ার্কশপ’-এ ২০–২৫ জনের একটি দল হামলা চালায়। এতে নেতৃত্ব দেন সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম এবং ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক শাহীন আহমদ।

হামলার সময় রফিকুল ইসলামকে মারধর করে গুরুতর আহত করা হয়। স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করলে তিনি প্রাণে রক্ষা পান। এ সময় হামলাকারীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায়। একপর্যায়ে ওয়ার্কশপে আগুন ধরিয়ে দিলে সেটি সম্পূর্ণ পুড়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় ব্যবসায়ী মইনুল ইসলাম বলেন, রফিকুল ইসলামকে হামলাকারীরা তাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকিও দিয়েছেন। তিনি সিলেট মহানগর যুবলীগের একজন সদস্য বলে জানা গেছে।

এদিকে, ঘটনার পরদিন (৬ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও এলাকায় তার গ্রামের বাড়িতেও হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা বাড়িতে ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের গালিগালাজ করে বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে এ সময় রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল মুহিত চৌধুরী রিপন এবং ইউনিয়ন জামায়াতের সভাপতি ইকবাল সালাম রফিকুল ইসলামকে হত্যার হুমকি দেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

Post a Comment

Previous Post Next Post