লুইস ঝড়ে উড়ে গেল চিটাগং

লুইস ঝড়ে উড়ে গেল চিটাগং
স্পোর্টস ডেস্কঃ ৩১ বলে ৭৫ রানের টর্নেডো ইনিংস খেলে দলকে জয় এনে দেয়ার পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে নিয়ে গেলেন ঢাকা ডায়নামাইটসের এভিন লুইস।

লুইসের ঝড়ো ইনিংসে সোমবার চিটাগং ভাইকিংসের দেয়া ১৮৮ রানের টার্গেট হেসে খেলে টপকে যায় ঢাকা। চিটাগংকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় তারা।

সোমবার টস জিতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নামে চিটাগং। এনামুল হক বিজয়ের ৪৭ বলে ৭৩ এবং লুক রনকির ৪০ বলে ৫৯ রানের ভিত্তির ওপর দাঁড়িয়ে ১৮৭ রানের সংগ্রহ গড়ে চিটাগং।

ঢাকার হয়ে সাকিব আল হাসান, সুনীল নারিন, আবু হায়দার ও মোহাম্মদ শহীদ একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট হাতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন ঢাকার জনপ্রিয় ক্রিকেটার শহীদ আফ্রিদি। শূন্য রানে তাসকিনের বলে ক্যাচ তুলে ফিরে যান তিনি। তবে শহীদের ফিরে যাওয়ার কোনো প্রভাব পড়তে দেননি এভিন লুইস।

ওপেনিংয়ে নেমে ৩১ বলে ৩টি চার ও ৯টি ছক্কায় ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলে ঢাকার জয়ের ভিত গড়ে দেন তিনি। এছাড়া জো ডেনলি ৩৯ বলে ৪৪, ক্যামেরন ডেলপোর্ট ২৪ বলে ৪৩ ও অধিনায়ক সাকিব আল হাসান ১৭ বলে ২২ রানের ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

চিটাগং ভাইকিংসের হয়ে একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, তানভির হায়দার ও রায়াদ এমরিত।

এই জয়ের মধ্য দিয়ে ৯ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে খুলনা টাইটান্সের সমান ১১ পয়েন্ট সত্ত্বেও রান রেটে এগিয়ে থাকায় শীর্ষস্থানে পৌঁছেছে ঢাকা।

অন্যদিকে নবম ম্যাচে সপ্তম পরাজয়ে সাত দলের টুর্নামেন্টে সবার তলানিতেই রইলো চিটাগং ভাইকিংস।

Post a Comment

Previous Post Next Post