অনলাইন ডেস্কঃ সিলেটের ওসমানীনগর উপজেলায় অটোরিকশার ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বিশ্বনাথ উপজেলার পুরানসিরাজ এলাকার মৃত আব্দুল মুতলিবের পুত্র হাবিবুর রহমান (৫৪)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার চিন্তামইন এলাকায় শেরপুরগামী মোটর সাইকেল ও সিলেট গামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমানের মৃত্যু হয়। আহত হন মোটরসাইকেলের আরেক আরোহী। ঘটনার পর পর আটোরিকশা সিএনজিটি পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে বলে নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ সহিদ উল্যা।
