স্পোর্টস ডেস্কঃ
ফুটবল তারকা লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে রয়েছে অনেক
পার্থক্য। এই দুই ফুটবল তারকার মধ্যে লড়াইও চলে সমানে সমান। কিন্তু
সম্প্রতি এই দু’জনকে মিলিয়ে দিল একটি নাম। আর সেই নামটি হল ‘মাতেও’।
পর্তুগিজ
মিডিয়া মারফত তথ্য অনুযায়ী, রোনালদো পরিবারে দুই জন নতুন সদস্যের আবির্ভাব
হয়েছে। এরা হল এই ফুটবল তারকার দুই যমজ সন্তান। তবে এদের মা জর্জিনা
রডরিগেজ নন। বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রের মতো ‘সারোগেট’ পদ্ধতি অর্থাৎ
গর্ভদায়িনী মায়ের সাহায্যেই ফের বাবা হয়েছেন তিনি।
কিন্তু
তার থেকেও বেশি তাৎপর্যের বিষয় হল রোনালদোর নবাগত ছেলের নাম হল ‘মাতেও’।
তবে রোনাল্ডোর তরফ থেকে কোনও বিবৃতি দেওয়া না হলেও পর্তুগিজ মিডিয়ার দাবি,
চিরপ্রতিদ্বন্দ্বী মেসির ছোট ছেলের নামটাই ধার নিয়েছেন তিনি। কাকতালীয় ভাবে
মেসির ছোট ছেলের নামও মাতেও।
স্প্যানিশ
শব্দ ‘মাতেও’ মানে হল, ঈশ্বরের উপহার। রোনালদো নিজের মেয়ের নাম রেখেছেন
ইভা। গত কয়েক মাস ধরেই জল্পনা ছিল, রোনাল্ডোর বান্ধবী জর্জিনা হয়তো
অন্তঃসত্ত্বা। সেই সব জল্পনা উড়িয়ে অবশ্য রোনালদোর কাছের এক সূত্রের দাবি,
রোনালদোর যমজ বাচ্চাদের জন্মও সারোগেট পদ্ধতিতেই হয়েছে।
রোনালদোর
সেই সূত্র আরও জানায়, ‘‘ক্রিশ্চিয়ানো খুব উৎসুক পরিবারের নতুন সদস্যের
সঙ্গে দেখা করতে। নিজের ব্যক্তিগত জীবন যতটা পারে আড়ালে রাখতে চায় সে।
কিন্তু ও বন্ধুদের জানিয়েছিল, খুব শীঘ্রই আবার যমজ বাচ্চার বাবা হবে। ’’
