হবিগঞ্জে ৫ হাজার শিক্ষার্থীর দুর্নীতি বিরোধী শপথ

 হবিগঞ্জে ৫ হাজার শিক্ষার্থীর দুর্নীতি বিরোধী শপথ
বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জে দুর্নীতি বিরোধী শপথগ্রহণ ও মানববন্ধন করেছে ৫ সহস্রাধিক শিক্ষার্থী।

শুক্রবার (১০ মার্চ) সকাল ৯টায় হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে হবিগঞ্জ সদর উপজেলার ৪১ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫ হাজারের বেশি শিক্ষার্থী সমবেত হয়ে এই কর্মসূচিতে অংশ নেয়।

সাবেক সংসদ সদস্য ও প্রবীণ আইনজীবী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট চৌধুরী মোঃ আব্দুল হাই শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান।

জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও হবিগঞ্জের দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক খন্দকার খলিলুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক শফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এমরান হোসেন ও সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমেদুল হক।

আলোচনা সভা শেষে শহরের প্রধান সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিটি স্কুলের দূর্নীতি দমন কমিটি 'সততা সংঘ' এর ব্যানারে মানববন্ধন করে শিক্ষার্থীরা। 'দুর্নীতি করবো না, দুর্নীতি হতে দিবো না'- এ ধরনের দুর্নীতি বিরোধী নানা শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ফেস্টুন ও বেলুন নিয়ে দুর্নীতি থেকে বেরিয়ে আসতে সকলের প্রতি আহ্বান জানান অতিথি ও শিক্ষার্থীরা। তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন শিক্ষক, সরকারি কর্মকর্তা কর্মচারি ও জনপ্রতিনিধিরা।

Post a Comment

Previous Post Next Post