বিশেষ প্রতিনিধিঃ শরীয়তপুর সদর উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম। গতকাল ২৯ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) তিনি দিনব্যাপী এই সরকারি পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। পরিদর্শনকালে তিনি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সাধারণ মানুষের সরকারি সেবা প্রাপ্তির বিষয়টি সরেজমিনে তদারকি করেন।
পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক পালং মডেল থানা পরিদর্শন করেন। এ সময় তিনি থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে ডিসি মিজ তাহসিনা বেগম পালং ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। সেখানে তিনি অফিসের বিভিন্ন দাপ্তরিক ফাইল ও কার্যক্রম পরীক্ষা করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সততা ও দক্ষতার সাথে কাজ করার নির্দেশ দেন। পরিদর্শনকালে তিনি অফিসে সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সাথে সরাসরি কথা বলেন এবং ভূমি সেবার মান নিয়ে তাঁদের মতামত ও কোনো ভোগান্তি আছে কিনা, তা জানতে চান। ভূমি অফিস প্রাঙ্গণে তিনি পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে একটি গাছের চারা রোপণ করেন।
জেলা প্রশাসকের এই সদর উপজেলা পরিদর্শনকালে শরীয়তপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ রওশনা জাহানসহ জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
