হাসপাতাল পরিদর্শনে গিয়ে প্রতিবন্ধী তরুণীকে চাকরি দিলেন স্বাস্থ্যমন্ত্রী


নিউজ ডেস্কঃ দৃষ্টিপ্রতিবন্ধকতাকে জয় করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেও দীর্ঘদিন চাকরি না পাওয়া শ্যামনগরের মেধাবী তরুণী শারমিন আক্তারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (২৬ জুলাই) সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তার কাছে সরাসরি চাকরির আবেদন করেন শারমিন আক্তার। তিনি নিজের শিক্ষাগত যোগ্যতা, দৃষ্টিপ্রতিবন্ধকতা এবং দীর্ঘদিন চাকরি না পাওয়ার বিষয়টি মন্ত্রীর কাছে তুলে ধরেন।

তার কথা মনোযোগ দিয়ে শোনার পর স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি তোমাকে একটা জব দিয়ে দিচ্ছি। এক সপ্তাহের মধ্যে সব ব্যবস্থা হয়ে যাবে। ইনশাআল্লাহ, আগামী ১ আগস্ট থেকে যোগদান করবে। মন্ত্রীর এমন ঘোষণায় আবেগাপ্লুত হয়ে শারমিন তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পরে শারমিন আক্তার বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষভাবে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিবের প্রতি কৃতজ্ঞ, যিনি শুরু থেকেই আমাকে সহযোগিতা করেছেন।

জানা যায়, শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের বাসিন্দা শারমিন আক্তার (২৮) দৃষ্টিপ্রতিবন্ধী। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। উচ্চশিক্ষা অর্জনের পরও দীর্ঘদিন বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য চেষ্টা করেও সফল হননি।

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিব বলেন, শারমিন কয়েক মাস আগে জেলা পরিষদে সহায়তার জন্য এসেছিলেন। তখন আমরা তাকে ২০ হাজার টাকা অনুদান দিয়েছিলাম। তার শিক্ষাগত যোগ্যতা ও সংগ্রামের কথা জেনে আমি তাকে আশ্বস্ত করেছিলাম, তার জন্য ঊর্ধ্বতন পর্যায়ে আবেদন করব এবং চাকরির ব্যবস্থা করার চেষ্টা করব। 

তিনি আরও বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও শারমিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার এই অর্জন সত্যিই অনুপ্রেরণাদায়ক। সাধারণত এত প্রতিকূলতার মধ্যেও এতদূর পড়াশোনা করা সহজ নয়। আল্লাহর রহমতে এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর আন্তরিক উদ্যোগে আজ তার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এজন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Post a Comment

Previous Post Next Post