সিলেট ব্যুরোঃ মুরারিচাঁদ কবিতা পরিষদ আয়োজিত “৮ম মুরারিচাঁদ কলেজ বইমেলা–২০২৬”-এর প্রথমদিন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পাঠক ও দর্শনার্থীদের সরব উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এমসি কলেজ ক্যাম্পাস।
শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বইমেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম গুলজার।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায়, বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসু, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সাংবাদিক আলী হায়দার সিদ্দিকী মিদুল সহ আরও অনেকে।
বিশেষ অতিথির বক্তব্য দেন মুরারিচাঁদ কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে মুরারিচাঁদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন বইপাঠের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের বইমুখী হওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী পর্ব শেষে মুরারিচাঁদ কবিতা পরিষদের মুখপত্র ত্রৈমাসিক ‘জাগরণ’-এর ২৩তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। একইসঙ্গে প্রফেসর পান্না রানী রায়ের রচিত আরও দুটি কাব্যগ্রন্থেরও মোড়ক উন্মোচন করা হয়।
পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বইমেলার প্রাণচাঞ্চল্য আরও বেড়ে ওঠে। বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত। পরিবেশনায় অংশ নেয় মুরারিচাঁদ কবিতা পরিষদ, থিয়েটার মুরারিচাঁদ, মোহনা, ছন্দ নৃত্যালয়, মুক্তাক্ষর, NDFBD Sylhet Zone, Metropolitan University Debating Club, রকব্যান্ড **Omom (অমম)**সহ আরও বেশ কয়েকটি সংগঠন।
আয়োজকরা জানান, বইমেলা আরও দুইদিন চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
