নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শাফি (৩) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঝগড়ারচর গ্রামের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেল ৪টার দিকে শাফি বাড়ি থেকে নিখোঁজ হন। সন্ধ্যার দিকেও না পাওয়া গেলে মাইকিং করা হয়। পরে রাত ১০টার দিকে এলাকাবাসী শিশুটির বাড়ি থেকে ৩-৪ মিনিট দূরত্বের একটি পরিত্যক্ত বাড়িতে প্লাস্টিকের বস্তার ভেতর নিখোঁজ ওই শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে শিশুটির মরদেহ উদ্ধার করে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাসির বিল্লাহ গণমাধ্যমেকে জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত খুনের ঘটনায় কাউকে সন্দেহ করা হয়নি।
