নরসিংদীতে অটোরিকশা উল্টে কিশোর নিহত


অনলাইন ডেস্কঃ নরসিংদীর শিবপুরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে শাহীন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-মনোহরদী মহাসড়কে শিবপুর উপজেলার পুরান্দিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহীন শিবপুর উপজেলার দত্তেরগাও মধ্যপাড়া এলাকার আসাদুল্লা মিয়ার ছেলে।

পুলিশ ও নিরাপদ সড়ক চাই (নিসচা) নরসিংদী জেলা শাখার দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক শান্ত বণিক জানান, শিবপুর থেকে ছেড়ে আসা ইটাখোলাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা পুরান্দিয়া বাসস্ট্যান্ড এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী শাহীন মারা যান এবং অপর ৪ জন আহত হন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। অপরদিকে আহতদের চিকিৎসার্থে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার পর পর  শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে প্রেরণ করে।

Post a Comment

Previous Post Next Post