অনলাইন ডেস্কঃ একটি গুরুত্বপূর্ণ ‘রকেট উৎক্ষেপণ কেন্দ্র’ ভাঙ্গার কাজ শুরু করেছে উত্তর কোরিয়া। স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা যায়, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত সোহায়ে স্টেশন ভাঙ্গার কাজ শুরু হয়েছে। মার্কিন-ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা ৩৮ নর্থ একথা জানিয়েছে। খবর বিবিসি’র।
৩৮ নর্থ’র বরাত দিয়ে খবরে বলা হয়, জুন মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষার কাজ শুরু করেছে উত্তর কোরিয়া।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি ইঞ্জিন পরীক্ষা কেন্দ্র ধ্বংস করার প্রতিশ্রুতি করেছেন। তবে সেটি কোন কেন্দ্র হবে তা নির্দিষ্ট করে জানানো হয়নি। পিয়ংইয়ং অবশ্য এতদিন, সোহায়ে’কে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবেই দাবি করে আসছে।
কিন্তু মার্কিন কর্মকর্তাদের মনে এখনো সন্দেহ রয়ে গেছে। কেউ কেউ মনে করছেন, এখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা হতো।
জুন মাসে সিঙ্গাপুরে এক বৈঠকে কোরীয় উপদ্বীপের সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কাজ করা বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন ট্রাম্প ও কিম। কিন্তু চুক্তিটিতে পর্যাপ্ত বর্ণনা থাকায় সেটি সমালোচিত হয়েছিল। অনেকে আশঙ্কা প্রকাশ করেছিল যে, উত্তর কোরিয়া তাদের প্রতিশ্রুতি রাখবে না। এ নিয়ে বিশ্বজুড়ে সন্দেহের মাত্রা যখন তীব্র আকার ধারণ করেছেন তখনই সোহায়ে কেন্দ্রের ভাঙ্গন শুরু করলো উত্তর কোরিয়া।
এর আগে সোমবার ট্রাম্প বলেন, তিনি উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার ধীর গতি নিয়ে যেসব সমালোচনা চলছে সেগুলোতে খুবই অসন্তুষ্ট। কেননা, উত্তর কোরিয়া গত নয় মাসে কোন পারমাণবিক পরীক্ষা চালায়নি।
