অনলাইন ডেস্কঃ মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসনে পরিবেশ তৈরি করতে দেশটির সরকারের প্রতি আহবান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সোমবার নিরাপত্তা পরিষদে এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর মিয়ানমারের প্রতি ওই আহবান জানানো হয়।
মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিনা শ্রেনার বার্গেনার নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা সংকট ইস্যুটি উত্থাপন করেন। সম্প্রতি বাংলাদেশ ও মিয়ানমার সফর করেন তিনি।
তিনি জানান, মিয়ানমারের নেতারা চান রোহিঙ্গারা পুনরায় রাখাইনে ফিরে যাক। কিন্তু স্থানীয় সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে রোহিঙ্গাদের দ্বন্দ্বের কারণে এই প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে।
এদিকে, নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে জাতিসংঘ শরণার্থী সংস্থার সঙ্গে মিয়ানমারের সম্পাদিত চুক্তির বাস্তবায়নের আহবান জানানো হয়েছে। একইসাথে উন্নয়ন সংস্থা ও বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক উন্নয়নেরও তাগিদ দেওয়া হয়।
আগামীতে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপরে সেনা নিপীড়নের ঘটনা ঘটবে না, এ বিষয়ে নিশ্চয়তার কথা বলা হয় বিবৃতিতে।
