‘দুই মাসের মধ্যে ভাসানচরে যাবে ১ লাখ রোহিঙ্গা’


অনলাইন ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব এসএম শাহ কামাল।

শনিবার কক্সবাজারের উখিয়ার বালুখালী ২/২ রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি মহড়ার উদ্বোধনের সময় তিনি এ তথ্য জানান। সচিব কামাল আরও বলেন, কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে এক লাখ ৩৩ হাজার রোহিঙ্গা পরিবার আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে ৩২ হাজার পরিবার প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে।

তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজ চলছে। ইতিমধ্যে পাঁচ হাজার পরিবারকে ক্যাম্পের অন্য নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

বর্ষা মৌসুমে বন্যা, ঘূর্ণিঝড়, পাহাড় ধস ও পাহাড়ি ঢলের ঝুঁকি মোকাবেলায় ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে সচিব কামাল বলেন, এ লক্ষ্যে স্থানীয় রোহিঙ্গা জনগোষ্ঠীসহ সশস্ত্র ও সরকারি বিভিন্ন বাহিনী এবং বিভিন্ন সংস্থা কাজ করছে। তাছাড়া বিশাল পাহাড়ি এলাকায় রোহিঙ্গারা আশ্রয় নেয়ায় বন ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে।

রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের পর খালি জায়গায় নতুন করে বনায়ন করে আগের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।

সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে মহড়ায় বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, বিএসসিসি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে রোহিঙ্গারা অংশ নেয়।

Post a Comment

Previous Post Next Post