সিলেটের মা-ছেলে খুনের ঘটনায় তানিয়া গ্রেপ্তার



অনলাইন ডেস্কঃ সিলেট নগরীর মিরাবাজারের খারপাড়ায় মা রোকেয়া বেগম ও ছেলে রবিউল ইসলাম রোকনকে খুনের ঘটনায় ওই বাড়ির গৃহকর্মী তানিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ এপ্রিল) সকালে কুমিল্লার তিতাস থেকে মা-ছেলে খুনের মামলার অন্যতম আসামি তানিয়াকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে সিলেট পিবিআই-এর পুলিশ সুপার রেজাউল করিম মল্লিক জানান, রোববার (৮ এপ্রিল) সন্ধ্যায় তানিয়ার কাথিত স্বামী মামুনকে সিলেট নগরীর বন্দরবাজার থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যমতে কুমিল্লার তিতাসে মামুনের বাড়ি থেকে তানিয়াকে গ্রেপ্তার করা হয়। তাকে সিলেটে নিয়ে আসা হচ্ছে। বেলা আড়াইটার দিকে তাকে নিয়ে সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান তিনি।

পিবিআই পুলিশ সুপার বলেন, যদিও আমরা এ মামলার তদন্তের সঙ্গে যুক্ত না। এরপরও পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বিশেষ নির্দেশে কুমিল্লায় অভিযান চালিয়ে পিবিআই তানিয়াকে গ্রেপ্তার করেছে। মামুন ও তানিয়া স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিতেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

খুনের ঘটনায় জড়িত তানিয়ার নাম বিভিন্ন গণমাধ্যমে আলোচিত হচ্ছিল। তার বাড়ি সুনামগঞ্জ জেলায় বলে সংবাদ প্রচারিত হলেও তার বাড়ি কুমিল্লায়।

প্রসঙ্গত, মিরাবাজারের মিতালী আবাসিক এলাকার ১৫/জে নম্বর বাসায় রোকেয়া বেগম (৪০) তার ছেলে রবিউল ইসলাম রোকনের (১৭) লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের ভাই জাকির হোসেন সূত্রে জানা যায়, গত একবছর ধরে ভাড়া থাকতেন। গত শুক্রবার বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে রোকেয়াদের সর্বশেষ যোগাযোগ হয়। এরপর থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছিল।

রোববার সকালে তাদের খোঁজ নিতে মিরাবাজারস্থ বাসায় আসেন নিহতের ভাই জাকির হোসেন। বাসায় এসে ভেতর থেকে তিনি তাদের দরজা বন্ধ দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকির পরও কেউ দরজা না খোলায় তিনি বাড়ির মালিককে খবর দেন।

পরে বাড়ির মালিক ঘটনা শুনে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘরে প্রবেশ করে তাদের মরদেহ উদ্ধার করে। এ সময় ঘরের মধ্যে কান্নারত অবস্থায় পাঁচ বছর বয়সী মেয়েকে উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় রোকেয়ার ভাই জাকির হোসেন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৪-৫ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলার পর গত বুধবার শহরতলীর বটেশ্বর এলাকা থেকে নাজমুল হোসেন নাম একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ৫ দিনের রিমান্ডে পাঠান আদালত।

Post a Comment

Previous Post Next Post