অনলাইন ডেস্কঃ চলতি বোরো মৌসুমে সরকার ১০ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। রোববার (৮ এপ্রিল) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।
সভায় খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী বলেন, মোট ১০ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করবে সরকার। ধান আকারে সংগ্রহ করবো দেড় লাখ মেট্রিক টন, এ দেড় লাখ মেট্রিক টন থেকে চাল পাব ১ লাখ মেট্রিক টন। সিদ্ধ চাল সংগ্রহ করবো ৮ লাখ মেট্রিক টন। এবং আতপ চাল সংগ্রহ করবো ১ লাখ মেট্রিক টন।
তিনি বলেন, এবার কৃষকদের কেজিপ্রতি চাল উৎপাদনে খরচ ধরা হয়েছে ৩৬ টাকা। কৃষকদের উৎসাহিত করার জন্য আমরা ২ টাকা বেশি দিয়ে ৩৮ টাকা ধরে চাল সংগ্রহ করবো। আতপ চাল কেজিপ্রতি ৩৭ টাকা এবং ধান কেজিপ্রতি ২৬ টাকা ধরে সংগ্রহ করবো। আমরা ২ মে থেকে সংগ্রহ শুরু করবো। যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
মন্ত্রী আরও বলেন, এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বোরো ধান থেকে ১ কোটি ৯০ লাখ টন চাল আমরা পাব বলে আমাদের টার্গেট। গম উৎপাদন হচ্ছে ১৩ লাখ মেট্রিক টনের মত। গম আমাদের দেশে উৎপাদন কম হয়, দেশের বাইরে থেকে আমদানি করা হয়। সরকারি-বেসরকারি মিলিয়ে প্রায় ৪৫ লাখ মেট্রিক টন গম আমদানি করা হয়। এসময় সরকারিভাবে আর গম সংগ্রহ করা হবে না বলেও জানান মন্ত্রী।
