অনলাইন ডেস্কঃ ভারতের উড়িষ্যায় ইঞ্জিন ছাড়া একটি ট্রেন প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। তবে এতে কোনো দুর্ঘটনা ঘটেনি।
ভারতীয় গণমাধ্যমের খবর, শনিবার রাতে একটি ট্রেনের ইঞ্জিন আলাদা করা হয়েছিল। কিন্তু দায়িত্বপ্রাপ্তকর্মী স্কিড ব্রেক প্রয়োগ না করায় ট্রেনটি চলতে শুরু করে। ট্রেনটি সময় মেনে চলছে না দেখে টনক নড়েন রেলের কর্মীদের। তারা রেললাইনে পাথর রেখে ট্রেনটিকে থামাতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে ট্রেনটি ১০ কিমি পথ চলে ড়েছে। তবে এ ঘটনায় সব যাত্রীই সুরক্ষিত রয়েছেন।
ইস্ট কোস্ট রেলওয়ের মুখপাত্র জানিয়েছেন, শনিবার রাত ১০টায় টিটলাগড় স্টেশন থেকে আহমেদাবাদ-পুরি এক্সপ্রেস ইঞ্জিন ছাড়াই চলতে শুরু করেছিল। তবে যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। কারও কোনো আঘাত লাগেনি। ট্রেনটির অন্যপ্রান্তে সংযুক্ত করার জন্য ইঞ্জিন আলাদা করা হয়। এর পরই ট্রেনটি কেসিঙ্গার দিকে চলতে শুরু করে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, টিটলাগড় থেকে কেসিঙ্গার দিক ঢালু। শান্টিং প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রেলের দুই কর্মীকে বরখাস্ত করা হয়েছে।
