ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ১০



অনলাইন ডেস্কঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি পিকআপ ভ্যানসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ মার্চ) ভোর রাতে উপজেলার পাঙ্গাসী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছোরা, রামদা, চাপাতি, হাসুয়া ও লোহার রড উদ্ধার করা হয়।

আটকৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা আলাউদ্দিন, ফরিদুল, আব্দুল হামিদ, নাসির, সাইফুল, মাসুদ রানা, নাসির, শাহ আলম, আব্দুল্লাহ ও পিকআপ ভ্যানের ড্রাইভার হারেজ আলী।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সয়দাবাদ এলাকার কুখ্যাত বাবু ডাকাতের নেতৃত্বে একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ একটি পিকআপ ভ্যানে করে এসে পাঙ্গাসী বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

এ সময় ওই বাজারে টহলরত পুলিশ ডাকাতদলকে দেখে থানায় খবর দেয়। পরে সেখানে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১০ ডাকাতকে আটক করা হয়েছে। এ ঘটনায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরনের করা হবে।

Post a Comment

Previous Post Next Post