ব্যতিক্রমী শাহরুখ খান: হিরো যখন জিরো!



বিনোদন ডেস্কঃ ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করতে যার জুড়ি নেই। নিজেকে ভেঙে নতুন রূপে নতুন লুকে ভক্তদের সামনে নিয়ে আসতেই যেন তার সব সফলতা। এমন আরও এক নতুন লুক নিয়ে নতুন বছরেশাহরুখ খান। বাণিজ্যিক ছবিতে হিরো হিসেবেই তাকে চিনেছে বলিউড। কখনও নাচে-গানে জমিয়ে রেখেছেন চিত্রনাট্য, কখনও বা শত্রুর ডেরা থেকে নায়িকাকে উদ্ধার করেছেন বীরদর্পে।


ক্যামেরার সামনে শুরুতেই ভক্তদের সামনে হাজির হয়েছেন এ তারকা। নতুন বছরে ‘জিরো’ ছবিতে ‘বামুন’ চরিত্রে হাজির হয়ে ট্রেলারেই বাজিমাত করে দিয়েছেন বলিউড কিং খান। এক মিনিটের প্রকাশ করা ট্রেলারটিতে দেখা গেছে, একটি পুরনো বলিউড গানের সঙ্গে বামুন অবতারে শাহরুখ নাচতে নাচতে প্রবেশ করছেন।

রয়েছে একটিমাত্র সংলাপ। যা দেখে সোশ্যাল মিডিয়া ভড়কে গেছে! ইতিমধ্যে শাহরুখের এই চরিত্রকে ঘিরে ভক্ত মহলে তৈরি করেছে অনেক প্রশ্ন। ‘জিরো’ শিরোনামের এ ছবিতে প্রথমবারের মতো বামুন চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ চরিত্রে ভিন্ন লুকে শাহরুখকে দেখে চমকে গেছে পুরো বলিউড।

দেখলে বোঝার উপায় নেই, এ আসলে কোন শাহরুখ। এই প্রথম চিরাচরিত ছক ভেঙে এক নতুন ধরনের চরিত্রে দেখা যাচ্ছে কিং খানকে। এ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবির কাহিনীও আবর্তিত হবে বামুন শাহরুখকে নিয়েই। ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করবেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। ছবিটিতে একজন অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। অন্যদিকে, মানসিকভাবে প্রতিবন্ধী নারীর চরিত্রে দেখা যাবে আনুশকাকে।

এ সিনেমার মধ্য দিয়ে শাহরুখ-ক্যাটরিনা-আনুশকা আবারও জুটি বেঁধেছেন। অন্যদিকে, এ নিয়ে চতুর্থবারের মতো একসঙ্গে চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন শাহরুখ-আনুশকা। এদিকে নিজের বামুন চরিত্রটি নিয়ে বেশ উচ্ছ্বসিত শাহরুখ। ছবির শুটিংয়ের জন্য নাকি তাকে বেশ ধকল পোহাতে হয়েছে। নিতে হয়েছে বাড়তি প্রস্তুতি। এমনকি নিজের ওজনও নাকি কমাতে হয়েছে। তবে এমন চরিত্রে অভিনয় করাটা বেশ উপভোগ করেছেন এ অভিনেতা।

এর প্রমাণ মেলে ছবির টিজার প্রকাশের পর। কারণ ছবিটির টিজার লিংক টুইটারে শেয়ার করে শাহরুখ খান লিখেন, ভক্তদের দেয়া প্রতিশ্রুতি রাখলাম। আনন্দ এল রায়ের পরিচালনায় আমার আসন্ন ছবির নাম ‘জিরো’। যেখানে আমি চমক নিয়ে আসব বলে কথা দিয়েছিলাম। আমি তা রাখতে পেরেছি। তাই খুব আনন্দিত। ছবিটি প্রযোজনা করেছেন গৌরি খান।

এদিকে টিজার দেখেই ইতিমধ্যে ভক্তদের মধ্যে জেগেছে তুমুল আগ্রহ। ভক্তদের বাইরেও সহকর্মীদের কাছে এমন চরিত্রে অভিনয়ের জন্য ইতিমধ্যে প্রশংসায় ভাসছেন শাহরুখ খান। জানা গেছে, চলতি বছরের বড়দিনকে সামনে রেখেই ২১ ডিসেম্বর মুক্তি পাবে শাহরুখ অভিনীত ছবি ‘জিরো’। এ ছবিতে আরও অভিনয় করেছেন জুহি চাওলা, রানী মুখার্জিসহ আরও অনেক পর্দা কাঁপানো নায়িকা।

Post a Comment

Previous Post Next Post