যে কারণে বাংলাদেশের শোচনীয় হার

যে কারণে বাংলাদেশের শোচনীয় হার


স্পোর্টস ডেস্কঃ জয়ের জন্য শ্রীলংকার টার্গেট ছিল ৮৩ রান। মামুলি এ টার্গেটে ব্যাট করতে নেমে ১০ উইকেটে জয় তুলে নিয়েছে তারা। এ জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে গেছে দিনেশ চান্দিমালের দল।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৮২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে শ্রীলংকা। জয় তুলে নিতে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের লেগেছে ১১.৫ ওভার।

সিরিজের প্রথম ৩ ম্যাচেই জয় পায় বাংলাদেশ। জিম্বাবুয়েকে দুইবার ও শ্রীলংকাকে একবার হারায় টাইগারররা। এতে ফাইনাল নিশ্চিত হয় তাদের।

তবে শেষ ম্যাচে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। টাইগারদের এমন শোচনীয় হারের চুলচেরা বিশ্লেষণ করেছেন বাংলাদেশ সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা।

তিনি মনে করেন, উইকেট পর্যবেক্ষণে ভুল করেছে টিম ম্যানেজমেন্ট। যার ফলে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, ‘এমন উইকেটে যে কোনো দলই আগে ফিল্ডিং নেবে। জিম্বাবুয়ে ও শ্রীলংকার যে ম্যাচে ২৯০ ও ২৭৮ রান উঠেছে এবং বাংলাদেশ যে ম্যাচে ৩২০ রান তুলেছে; এটি সেই উইকেট ছিল না।’

হীরা আরও মনে করেন, কঠিন মুহূর্তে পরিস্থিতির সঙ্গে মানিয়ে খেলার প্রবণতা নেই বাংলাদেশের ব্যাটসম্যানদের।

এদিন মাত্র ২৪ ওভার টিকতে পারে বাংলাদেশের ব্যাটসম্যানরা। টাইগারদের সবচেয়ে কম দলীয় সংগ্রহের তালিকায় এটি নবম।

প্রত্যেক ব্যাটসম্যানের আউটের ধরণ পর্যবেক্ষণে তিনি বলেন, ‘সাকিব রানআউট হয়েছে, মাহমুদউল্লাহ রিয়াদ যে পুলটি করেছেন, সেটি সরাসরি ফিল্ডারের হাতে পৌঁছেছে। সাব্বির এসেই রিভার্স সু্‌ইপ করার চেষ্টা করছিল, সেসময় তো উইকেটে থিতু হওয়ার কথা। শেষ পর্যন্ত সাব্বির আউট হলো ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে। যেটা দৃষ্টিকটু।’

সর্বোপরি ব্যাটসম্যানদের আরও ধৈর্য ধরার আহ্বান জানান হীরা।

প্রথম তিন ম্যাচে অর্ধশতক পূর্ণ করা তামিম ইকবাল এদিন আউট হন ৫ রান করে। এনামুল হক বিজয় প্রথম তিন ম্যাচে যথাক্রমে ১৭, ৩৫ ও ১ রান করার পর আজ শূন্য রানে সাজঘরে ফেরেন।

সাকিবও ফিরে যান ৮ রান করে। সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ৫৬ বলে ২৬ রানের ইনিংস খেলে ম্যাচে ফেরার চেষ্টা করলেও, কেউ তাকে সঙ্গ দিতে পারেননি। যা আশাব্যঞ্জক ছিল না।

Post a Comment

Previous Post Next Post