জোটের নেতাদের সঙ্গে রাতে বৈঠক করবেন খালেদা

জোটের নেতাদের সঙ্গে  রাতে বৈঠক করবেন খালেদা


অনলাইন ডেস্ক: ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে রবিবার রাতে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়াও জরুরি পরামর্শ ও দিকনির্দেশনার জন্য ২০১১ সালের পর ডাকা হচ্ছে জাতীয় নির্বাহী কমিটির বৈঠক। ফেব্রুয়ারির শুরুতে এ বৈঠক হবে।  আর ১ ফেব্রুয়ারি আবারো হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, ৮ ফেব্রুয়ারির রায়ে ‘সুবিচার’ না পেলে সরকার পতনের একদফা আন্দোলনের পথে নামতে চায় দলটি।

শনিবার রাত সাড়ে নয়টা থেকে প্রায় ১২টা পর্যন্ত গুলশানের বিএনপি চেয়ারাপারসন কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বেগম জিয়ার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। রায় বিপক্ষে যাবে এটা ধরে নিয়ে পরবর্তী করণীয় বিষয়ে মূলত আলোচনা হয় বৈঠকে। বেগম জিয়া জেলে গেলে কিভাবে কর্মসূচি ও দল পরিচালনা করতে হবে তা আলোচনায় স্থান পায়। হরতালসহ টানা কর্মসূচি দিয়ে সারাদেশের নেতাকর্মীদের রাজপথে আনার পরামর্শ দেন সদস্যরা।

বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post