প্রাণের উচ্ছ্বাসে কুলাউড়ায় মহান বিজয় দিবস উদযাপন

প্রাণের উচ্ছ্বাসে কুলাউড়ায় মহান বিজয় দিবস উদযাপন


মোহাইমিনুল ইসলাম মাহিন: বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে আনন্দের ও গৌরবের দিন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি তার বহু কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণে বাধ্য হয়েছিল। সেই সঙ্গে বিজয়ের আনন্দে মেতে উঠেছিল পুরো বাংলাদেশ। বাধাহীনভাবে লাল-সবুজের পতাকা উড়েছিল বাংলাদেশের আকাশে। উদ্দাম তারুণ্য ও বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাসে বরণ করেছিল সেই ঐতিহাসিক বিজয়কে। সারা দেশের ন্যায় কুলাউড়ায়ও প্রাণের উচ্ছ্বাসে পালিত হচ্ছে ৪৬তম বিজয় দিবস। সর্বস্তরের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করছে একাত্তরের সেই সব শহীদদের, যাঁরা নিজেদের প্রাণের বিনিময়ে আমাদের এই লাল-সবুজের পতাকা দিয়েছেন। শনিবার সকাল ৭টায় উপজেলা প্রশাসনের উদ্যাগে একাত্তরের আত্মত্যাগদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুলাউড়া স্বাধীনতা সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসুচি শুরু করা হয়। সকাল ৯ টায় নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে পতাকা উত্তোলন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয় দিবসের মনোমুগ্ধকর ডিসপ্লে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
 


এসময় গেস্ট অব অনার হিসেবে বক্তব্য প্রদান করেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোঃ গোলাম রাব্বী ও কুলাউড়া থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম মুসা। এছাড়াও কুলাউড়ার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 


Post a Comment

Previous Post Next Post