বিশেষ প্রতিনিধি: ১৬ই ডিসেম্বর । বছর ঘুরে এ দিনটি আসলে কুলাউড়ার ওই পরিবারের কাছে পিতা হারানোর স্মৃতি অকপটে ভেসে ওঠে। আজ থেকে ২২ বছর আগে বিজয় দিবসের রাতে কুলাউড়া ডাকবাংলো মাঠে বিজয় মেলা ৯৫ এর সমাপনী অনুষ্ঠান চলছিল। অপরিচিত ৭ যুবক মেলায় অনেকক্ষণ ঘুরাফেরা করে মেলা থেকে বেরিয়েই প্রায় ৩০০ গজ উত্তরে রাস্তায় একটি মাইক্রো দাঁড়ানো দেখে ড্রাইভারকে জানায় তারা ঢাকার বাসিন্দা। মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে এসেছিলেন। তারা ঢাকায় ফিরতে চায়।
মাইক্রো ড্রাইভার তাদের কাছে সাড়ে ৩ হাজার টাকা দাবি করেন। তাৎক্ষণিক গাড়ির মালিক আব্দুল হান্নান উপস্থিত হন। মালিক ও ড্রাইভার মিলে ওই ৭ যুবককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। সেই থেকে আজ অবধি গাড়ির মালিক আব্দুল হান্নান ও ড্রাইভার গিয়াস নিখোঁজ। ১৬ই ডিসেম্বর ১৯৯৫ থেকে ২০১৭ সাল। কেটে গেছে ২২ বছর। কিন্তু পরিবার-পরিজন এখনও আশায় বুক বেঁধে আছেন, তারা ফিরবেন। নিখোঁজ আব্দুল হান্নানের ছোটভাই সাংবাদিক তুতিউর রহমান জানান, বিষয়টি প্রথমে বুঝতে পারিনি কি ঘটেছিলো। ঘটনার দু’দিন অতিবাহিত হলেও ভাই না ফেরায় কুলাউড়া থানায় পরিবারের পক্ষ থেকে জিডি (নং-৬৫১, তাং ১৮.১২.১৯৯৫) করা হয়। পরবর্তীতে অভিযোগটি মামলা আকারে নেয়া হয় এবং মৌলভীবাজার ডিবিতে স্থানান্তর করা হয়। ১৯৯৬ সালের ১৫ই এপ্রিল মামলাটি ডিবি থেকে সিআইডিতে স্থানান্তরিত হয়। কিন্তু অদ্যাবধি নিখোঁজ ব্যাক্তিদ্বয়সহ ছিনতাইকৃত লাইটেস (নং ঢাকা মেট্টো-চ-০২৪৫৭৭)। সরেজমিন কুলাউড়া পৌর এলাকার উছলাপাড়ায় গেলে আব্দুল হান্নানের স্ত্রী শেফালি, পুত্র শফিউল আলম সৌরভ অশ্রুসিক্ত নয়নে বলেন, আমরা আর কতকাল এভাবে পথ চেয়ে থাকবো। দেশে এখন ঘুম-খুন, অপহরণ অহরহ ঘটলেও তৎকালীন সময়ে ড্রাইভার, গাড়ীসহ আব্দুল হান্নানের নিখোঁজের বিষয়টি কুলাউড়াসহ জেলাজুড়ে ব্যাপক আলোচিত ছিলো।
