সিলেটের ১৫০ মেগার বিদ্যুৎকেন্দ্রটি ২৩০ মেগাওয়াটের হচ্ছে

সিলেটের ১৫০ মেগার বিদ্যুৎকেন্দ্রটি ২৩০ মেগাওয়াটের হচ্ছে
অনলাইন ডেস্কঃ গ্রাহকের টাকায় আরো একটি বিদ্যুৎকেন্দ্র সংস্কার করে উত্পাদনক্ষমতা বৃদ্ধি করতে যাচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। সিলেটে ১৫০ মেগাওয়াটের সিম্পল সাইকেল কেন্দ্রটি কম্বাইন্ড সাইকেলে রূপান্তর করে একই জ্বালানি খরচে ২৩১ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

এ জন্য চীনের সাংহাই ইলেকট্রিক গ্রুপ কম্পানির সঙ্গে গতকাল রবিবার বিকেলে একটি চুক্তি করা হয়েছে।
গ্রাহকের পরিশোধিত বিদ্যুৎ বিলের একটি অংশ সংরক্ষণ এবং উন্নয়ন তহবিলে জমা হয়। এই অর্থ দিয়ে এর আগেও বিবিয়ানাতে একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে পিডিবি। এ ছাড়া বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের মূলধনী বিনিয়োগে এই অর্থ ব্যয়ের পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের সংস্কারেও এই অর্থ ব্যয় হচ্ছে।

চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎকেন্দ্রের সচিব ড. আহমেদ কায়কাউস। এ ছাড়া পিডিবি চেয়ারম্যান খালিদ মাহমুদ এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিদ্যুৎকেন্দ্রটি সংস্কারের পর ২০১৯ সালের জুনে উত্পাদনে আসবে। বিদ্যুৎকেন্দ্রটির যন্ত্রাংশও চীন থেকে সংগ্রহ করা হবে।

চুক্তিতে পিডিবির সচিব মিনা মাসুদ উজ্জামান এবং সাংহাই ইলেকট্রিক গ্রুপের ডিএমডি মিজ ইয়াংইং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

বিদ্যুৎকেন্দ্রটির সংস্কারে ৭৯৬ কোটি টাকা ব্যয় হচ্ছে। এর সিংহভাগ ৭৯৩ কোটি টাকাই সংরক্ষণ এবং উন্নয়ন তহবিল থেকে ব্যয় করা হবে।
অনুষ্ঠানে বিদ্যুৎসচিব আহমেদ কায়কাউস বলেন, বিদ্যুৎ উত্পাদনে অনেক বেসরকারি কম্পানি কাজ করছে। বিদ্যুতের চাহিদা উত্তরোত্তর বাড়ছে। বেসরকারি খাত, উপ-আঞ্চলিক সহযোগিতা উত্স থেকে এ চাহিদা পূরণে সরকার তত্পর রয়েছে।

পিডিবির চেয়ারম্যান বলেন, গত আট বছরে আট হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বিদ্যুৎ বিভাগের সমন্বিত কাজের ফলেই উত্পাদন ক্ষমতা বাড়ানো সম্ভব হয়েছে।

Post a Comment

Previous Post Next Post