সাতক্ষীরা সীমান্ত থেকে ১৯ রোহিঙ্গা আটক

সাতক্ষীরা সীমান্ত থেকে ১৯ রোহিঙ্গা আটক


অনলাইন ডেস্কঃ  অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরার পদ্মশাখরা সীমান্ত থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১৯ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। এর মধ্যে ১০ জন শিশু, ৩ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছে। বুধবার সকালে সদর উপজেলার পদ্মশাখরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলো, মরিয়ম বেগম, আসমা খাতুন, রাশিদা খাতুন, সুমাইয়া বেগম, গুলশান আরা খাতুন, জাইনুল কেগম, মো. আলাউদ্দিন, আজিজুর রহমান ও এনায়েত আলি। অবশিষ্ট ১০ জন শিশু, তাদের বয়স ৬ মাস থেকে ১২ বছরের মধ্যে।

বিজিবির পদ্মশাখরা বিওপি কমান্ডার সুবেদার মোশাররফ হোসেন জানান, ভারত থেকে অবৈধভাবে ১৯ রোহিঙ্গা পদ্মশাখরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১৯ রোহিঙ্গাকে আটক করা হয়।

আটক রোহিঙ্গাদের বরাত দিয়ে তিনি আরো জানান, তারা সবাই ভারত থেকে বিএসএফএর সহায়তায় বাংলাদেশে এসেছেন। এর আগে ২০১২ ও ২০১৪ সালে দুই দফায় তারা মিয়ানমার থেকে ভারতের দিল্লীতে যান। সেখানে তারা বসবাস করছিলেন। কিন্তু সম্প্রতি বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় এবং খাদ্য বস্ত্র ও চিকিৎসা দিচ্ছে এই খবর পেয়ে তারা দিল্লী থেকে বাংলাদেশে চলে এসেছেন বলে জানিয়েছেন। তাদেরকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পদ্মশাখরা থেকে সাতক্ষীরা সদর থানার উপ পরিদর্শক শরিফ এনামুল হক জানান, আটককৃতরা বেশ ক্লান্ত। তাদেরকে খাদ্য ও চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post