বিনোদন ডেস্কঃ সোহানা সাবা নাটক-চলচ্চিত্রে সমানতালে মনোযোগী। সেই ধারাবাহিকতায় তিনি নতুন নাটকে অভিনয় করছেন। এই নাটকে তাকে দেখা যাবে কলেজ পড়ুয়া মেয়ের চরিত্রে। তারসঙ্গেই প্রেম হয় বোবা একটি ছেলের। সেই ছেলেটি হচ্ছে তৌসিফ।
তৌসিফ-সাবা; দুই প্রজন্মের এই তারকাদ্বয় প্রথমবার জুটি বেঁধে এক নাটকে অভিনয় করছেন। নাটকের নাম ‘প্রেম’।
নাটকের গল্পে দেখা যাবে, তৌসিফ-সাবা একই কলেজ পড়েন। একদিন কলেজে যাওয়ার সময় দুজনার দেখা হয়। এই দেখায় দুজন-দুজনার প্রেম পড়ে যাওয়ার মত অবস্থা হয়। কিন্তু তৌসিফ নিজেকে কিছুটা দূরে রাখতে চান। কিন্তু শেষ পর্যন্ত দুজনের প্রেম হয়েই যায়।
তৌসিফ যে বোবা এটা সাবা তখন টের পাননি। একটা সময় তৃতীয় ব্যক্তি এসে সাবাকে বলে দেয় তৌসিফ কথা বলতে পারে না। তখন সাবা কিছুটা কষ্ট পেলেও তৌসিফের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে চায়।
কিন্তু তৌসিফ মনে করেন, সাবা করুণা করছে তাকে। তাই সে দূরে সরে যেতে চায়। এ নিয়ে এগিয়ে চলে গল্প। শেষটুকুতে আছে চমক।
তৌসিফ বলেন, ‘কথা বলতে না পারা মানুষের চরিত্রে এই প্রথমবার অভিনয় করছি। বেশি পরিশ্রম করতে হয়নি এই চরিত্রের জন্য। বোবারা টিভিতে যেভাবে খবর পড়েন সেভাবে ইশারায় প্রেম নিবেদন করি এবং এক্সপ্রেশন ঠিক রাখি। তাই বেশি অসুবিধে হয়নি কাজটি করতে।’
তিনি বলেন, ‘সাবা আপুর সঙ্গে আগে থেকে পরিচয় ছিল। আর এখন জেনারেশন গ্যাপটা খুব চোখে পড়ে না নাটকে। তাই উনার সঙ্গে কাজ করতে সমস্যা হয়নি। উনিও বেশ হেল্পফুল। জীবনে যে একবারই প্রেম আসে সেটাই এই নাটকে উপজীব্য করা হয়েছে।’
তৌসিফ-সাবা জুটির ‘প্রেম’ নাটকটি শুটিং চলছে রাজধানীর ৩০০ ফিট এলাকায়। এই নাটকে আরও অভিনয় করছেন এফ এস নাঈম। এর রচনা ও পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ঈদে ‘প্রেম’ নাটকটি এনটিভিতে প্রচার হবে।
