রাজশাহীতে ছাত্রাবাস থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

অনলাইন ডেস্কঃ রাজশাহী কলেজের ছাত্রাবাস থেকে মনিরুল ইসলাম (২৩) নামে হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নাটোরের সিংড়া উপজেলার মাঝগ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শুক্রবার রাত দেড়টার দিকে নগরীর সোনাদীঘি এলাকার এসএস ছাত্রাবাস থেকে মনিরুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এই ছাত্রাবাসের ৬০৪ নম্বর কক্ষে থাকতেন মনিরুল। বিকেল থেকে তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। রাতে দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নগরীর বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, দুই সিটের একটি রুমে থাকতেন মনিরুল। বিকেলে তার রুমমেট বাইরে যান। রাত ৯টার দিকে তিনি ছাত্রাবাসে ফিরে দেখেন তাদের কক্ষ ভেতর থেকে বন্ধ। এ সময় অনেক ডাকাডাকি করেও মনিরুলের সাড়া পাওয়া যায়নি।

অসংখ্যবার মুঠোফোনে ফোন দেয়া হলেও ফোনটি রিসিভ হয়নি। পরে ছাত্ররা বিষয়টি ছাত্রাবাসের মালিককে জানান। এরপর ছাত্রাবাসের মালিক পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে মনিরুলের অভিভাবকদের খবর দেন। রাতে মনিরুলের বাবা-মা রাজশাহী গেলে তাদের উপস্থিতিতেই দরজা ভাঙা হয়।

এ সময় কক্ষের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মনিরুলের লাশ পাওয়া যায়। লাশটি একটি বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল। পরে সেটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। 

Post a Comment

Previous Post Next Post