পরিবেশ দিবসে লাউয়াছড়ায় বন্যপ্রাণি অবমুক্ত

অনলাইন ডেস্কঃ বিশ্ব পরিবেশ দিবসে মৌলভীবাজারের লাউয়াছড়া বনে একটি মেছো বাঘ, তিনটি অজগর ও একটি গন্ধগোকূল অবমুক্ত করা হয়েছে। সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, সোমবার দুপুরে লাউয়াছড়া বনের রেস্টহাউজের পাশে বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রাণীগুলো অবমুক্ত করা হয়। সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ও সঞ্জিত দেব জানান, অবমুক্ত করা প্রাণীগুলো লোকালয়ে মানুষের হাতে ধরা পড়ে। আহতবস্থায় উদ্ধারের পর সেবা ফাউন্ডেশনে প্রয়োজনীয় সেবাযত্ন শেষে পরিবেশ দিবসে এ গুলোকে বনে অবমুক্ত করা হয়েছে। এ সময় লাউয়াছড়া বনে পশু পাখির জন্য রোপন করা হয় বেশ কিছু ফলজ বৃক্ষ। অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল আশরাফুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন মেজর আসিফ বুলবুল, বিভাগীয় বন কর্মকর্তা মিহির কান্তি দো, ডা.হরিপদ রায়, অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান প্রমুখ। আর বিকালে সেবা ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীমঙ্গল হাইল হাওরে কয়েক হাজার মাছের পোনা অবমুক্ত করা হয় বলে জানান বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব। পরে শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে জীববৈচিত্র্য নিয়ে কাজ করায় ছয় সাংবাদিকসহ ১০ জনকে দেয়া হয় বিশেষ সম্মাননা। এছাড়া পরিবেশ দিবসের উপর রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোতিতায় বিজয়ী ২৮ ছাত্রছাত্রীকে দেওয়া হয় পুরস্কার।

Post a Comment

Previous Post Next Post