অনলাইন ডেস্ক: গ্যাস ও বিদ্যুতের উপর থেকে ভ্যাট প্রত্যাহারের পরামর্শ দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে অর্থনীতিবিদের সঙ্গে ২০১৭-১৮ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।
সবাই ব্যবহার করে এ ধরনের পণ্য বা সেবায় বিশেষ করে গ্যাস ও বিদ্যুতে ভ্যাট না নেয়ার পরামর্শ দিয়ে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, এ ধরনের ভ্যাট তুলে দিতে পারলে ভালো। আর তা না হলে কমিয়ে আনা প্রয়োজন।
তিনি বলেন, আগামী জুলাই মাসে ভ্যাট আইন চালু হবে। তবে এটা কিভাবে প্রয়োগ হবে তা দেখার বিয়ষ। ভ্যাটের নিবন্ধন না থাকায় দেশে কতগুলো প্রতিষ্ঠান ভ্যাট দেয়ার যোগ্য তার কোনো তথ্য নেই। আয়করেরও একই অবস্থা। তাই এসব বিষয়ে এনবিআরকে সচেতন হতে হবে। তাদের সক্ষমতা বাড়াতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশে পিডব্লিউসির পার্টনার ইনচার্জ মামুন রশীদ, পার্টনার সুশমিতা বসু এবং বিআইডিএসর প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা।
