অনলাইন ডেস্কঃ বাংলাদেশ-ভারত
সীমান্তের খুব কাছে সদ্য তৈরি করা একটি সুড়ঙ্গের সন্ধান পেয়েছে ভারতীয়
সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সন্ধান পাওয়া ওই জায়গাটির নাম গুজংপাড়া।
বুধবার (৮ মার্চ) মেঘালয়ের তুরা সেক্টরে পাহারা দেয়ার সময় একটি পাহাড়ের ঢালে সুড়ঙ্গটি দেখতে পান বিএসএফ সদস্যরা।
বিএসএফ
কর্মকর্তারা জানিয়েছেন, ভেতরে গিয়ে দেখা যায় সেটি কাঁটাতারের বেড়ার
দিকেই এগিয়েছে প্রায় ৫০ ফুট মতো। সুড়ঙ্গটি নতুন কাটা হচ্ছিল, তার মাটি
এখনও আলগা রয়েছে।
এর
আগে ভারত-পাকিস্তান সীমান্তে চোরাচালান বা মানব পাচারের জন্য এ ধরনের
সুড়ঙ্গের খোঁজ পাওয়া গেলেও পূর্বাঞ্চলে এই ঘটনা প্রথম। বাংলাদেশের দিকে
নেমে যাওয়া একটা পাহাড়ের ঢালে সুড়ঙ্গ মুখটি পাওয়া যায়।
বিএসএফের
মেঘালয় সীমান্ত অঞ্চলের আইজি পি কে দুবে জানিয়েছেন, সুড়ঙ্গটি প্রায়
৫০-৬০ ফিট পর্যন্ত কাটা হয়েছে। মাটিও আলগা রয়েছে, সপ্তাহখানেকের মধ্যে
এটি কাটা হয়েছে বলে মনে হচ্ছে। তবে সীমান্তের কাঁটাতারের তলা দিয়ে
বাংলাদেশ অবধি পৌঁছতে হলে আরও প্রায় ৫০ ফুট মতো কাটতে হতো।
কী
কারণে সীমান্তের কাছে সুড়ঙ্গ কাটা হচ্ছিল তা নিয়ে বিএসএফ তদন্ত শুরু
করেছে। বিএসএফের ঊর্দ্ধতন কর্মকর্তারা বৃহস্পতিবার সুড়ঙ্গটি পরিদর্শন
করেছেন।
আইজি দুবে জানিয়েছেন, এই সুড়ঙ্গটি গরু বা মানুষ পাচার- দুটো কাজেই ব্যবহার করার জন্য কাটা হচ্ছিল বলেই তাদের মনে হচ্ছে।
কিন্তু
বিএসএফের কয়েকটি সূত্র বলছে, সুড়ঙ্গটা মাত্র তিন ফুট মতো চওড়া, তা
দিয়ে গরু পাচার অসম্ভব। হামাগুড়ি দিয়ে মানুষ ঢুকতে পারে বড়জোর। আর ওই
এলাকায় যেহেতু জঙ্গিগোষ্ঠীগুলো সক্রিয়, তারাও নিজেদের ব্যবহারের জন্য এই
সুড়ঙ্গ কেটে থাকতে পারে।
সীমান্তের
এপারে বাংলাদেশের শেরপুর জেলার কর্ণঝোড়ায় বিজিবির সীমান্ত চৌকি আছে।
সেখানে অবস্থানরত ২৭ নম্বর বিজিবি ব্যাটালিয়নকে বিষয়টি জানিয়েছে বিএসএফ।
সূত্রঃ বিবিসি
