বানিয়াচংয়ে প্রাথমিক বিদ্যালয়ে ‘স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন’ সম্পন্ন

বানিয়াচংয়ে প্রাথমিক বিদ্যালয়ে ‘স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন’ সম্পন্ন
অনলাইন ডেস্কঃ শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা ও অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা, নেতৃত্ব বিকাশের লক্ষ্যে এবং শতভাগ ছাত্র-ছাত্রীর ভর্তি ও ঝড়ে পড়া রোধের উদ্দেশ্য নিয়ে সারাদেশের ন্যায় বানিয়াচং উপজেলার ১৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন' ২০১৭ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।

সরেজমিনে বানিয়াচং সদরের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় এক নতুন দৃশ্য। 'ছোটদের নির্বাচন' নিয়ে বড়রাও আগ্রহী হওয়ায় বিদ্যালয়ের বাইরে অভিভাবকদের ভিড় লক্ষ করা গেছে। অভিভাবকরা কেউই ভিতরে ঢুকতে পারছেন না কারণ বিদ্যালয়ের সামনেই কাগজে টানানো দিক-নির্দেশনা ভোটার ব্যতীত প্রবেশ নিষেধ। প্রতিটি বিদ্যালয়ে মোট ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। পদগুলো হলো পরিবেশ, পুস্তক ও শিখন, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি, পানি সম্পদ, বৃক্ষরোপণ, বাগান তৈরি, অভ্যর্থনা ও আপ্যায়ন।

সুরভী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেন্টারে গিয়ে দেখা যায়, নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, প্রার্থী, পোলিং অফিসার, এজেন্ট, ভোটার সবাই ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা। বিদ্যালয়ের মাঠে লাইন ধরে দাঁড়ানো ক্ষুদে শিক্ষার্থীরা উদগ্রীব হয়ে অপেক্ষা করছে ভোট দেয়ার জন্য। নিরাপত্তা প্রহরী হিসেবে বারান্দায় দুই শিশু হাতে বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছেন।

এ বিষয়ে তুষার স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকেশ চন্দ্র শীল জানান, সকাল ৯টা থেকে ভোট শুরু হয়ে শেষ হয় বেলা ১টায়। এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তুমুল উদ্দীপনা দেখা দিয়েছিল।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা জানান, স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোন ধরণের বিশৃঙ্খলা ঘটেনি। বিদ্যালয় থেকে শিশুরা গণতন্ত্রের ধারণা লাভ করলে বাস্তবে তার প্রতিফলন ভাল ভাবে প্রয়োগ করতে পারবে

এ বিষয়ে বানিয়াচং উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম সিদ্দীকি জানান, এ নির্বাচনের মাধ্যমে শিশুরা গণতন্ত্র সম্পর্কে হাতে কলমে শিক্ষা লাভ করতে পারবে ও নিজেদের অধিকার, মতামত সম্পর্কে জানতে পারবে। যা তাদেরকে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। সফলভাবে এই নির্বাচন সম্পন্ন করার জন্যে তিনি সকল শিক্ষক, শিক্ষার্থীর পাশাপাশি এলাকাবাসী ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post