স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব সিংগুর গ্রামে স্থানীয়দের নিজস্ব উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। সরকারি কোনো বরাদ্দ ছাড়াই গ্রামবাসী স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে প্রায় এক কিলোমিটার ইটসোলিং রাস্তা মেরামত করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এই সড়ক ব্যবহার করে অন্তত ২০০টি পরিবারের সদস্যরা প্রতিদিন যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে রাস্তা কাদাময় হয়ে পড়ে এবং শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসীকে।
এলাকাবাসী জানান, কয়েক বছর আগে সরকারিভাবে রাস্তাটিতে ইটসোলিং করা হয়েছিল। তবে সময়ের ব্যবধানে বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ অবস্থায় সরকারি বরাদ্দের অপেক্ষা না করে এলাকার নতুন কুড়ি ক্লাব রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়।
গ্রামের প্রবাসী জুনেল আহমদ মনসুর আহমদ জাকির হোসেন ও সাংবাদিক আল ফেরদাউস সহ কয়েকজন সমাজসেবী ও স্থানীয় বাসিন্দার আর্থিক সহযোগিতা এবং স্বেচ্ছাশ্রমে বর্তমানে সংস্কারকাজ এগিয়ে চলছে। এলাকাবাসী আশা করছেন, এই উদ্যোগের ফলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।
