কোনো সন্তানের পিতাকে বলতে না হয়- এদেশে বিচার নেই : শাকিব খান


বিনোদন ডেস্ক: রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। 

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে শাকিব খান লিখেছেন, একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা আমাদের সবার! শিশু রামিসার সাথে হওয়া এই নৃশংস ঘটনা পুরো সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়! প্রয়োজন দ্রুত স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক শাস্তি; যে শাস্তি ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের মনে ভয় তৈরি করবে এবং সমাজে স্পষ্ট বার্তা দেবে।

ঢালিউডের এই শীর্ষ নায়ক লিখেছেন, এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা। তাই এখন সময় আইনের কঠোর প্রয়োগ, যাতে আর কোনো রামিসাকে এভাবে নির্মমতার শিকার হতে না হয়; যেন আর কোনো সন্তানের পিতাকে বলতে না হয়, ‘আমরা বিচার চাই না, এদেশে বিচার নাই!’

উল্লেখ্য, রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় বইছে। সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে সোচ্চার হয়েছেন। ইতোমধ্যেই এ ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ; অভিযুক্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 

এদিকে বৃহস্পতিবার রাতে রামিসার বাসায় গিয়ে তার পরিবারকে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে আগামী রোববারের মধ্যে এই মামলার চার্জশিট দাখিল করে দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Post a Comment

Previous Post Next Post