স্টাফ রিপোর্টার: সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশার ভাড়া নির্ধারণ নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ১৩ এপ্রিল জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার উপপরিচালক রুবেল মাহমুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিব হোসেন, বিআরটিএ প্রতিনিধি, জেলা পুলিশ প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক ও শ্রমিক নেতৃবৃন্ধ।
সভায় দীর্ঘ আলোচনা সিদ্ধান্ত হয় শহরে টমটম ভাড়া পূর্ব নির্ধারিত ৫ টাকা বহাল রাখা হয়েছে। ইতোপূর্বে চালকরা কোন সিদ্ধান্ত ছাড়াই ভাড়া ৫ টাকা থেকে ১০ টাকায় উন্নীত করে নেয়। এতে সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় অসন্তোষ। গত ৯ এপ্রিল এ ব্যাপারে জেলা প্রশাসক কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভা কোনো প্রকার সিদ্ধান্তে না পৌঁছে সমাপ্ত হয়। কিন্তু চালকরা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর করেন প্রশাসন থেকে ভাড়া ১০টাকা প্রতি জন এক পয়েন্ট থেকে অন্য পয়েন্ট পর্যন্ত নির্দ্দারণ করে দিয়েছেন। চালকরা জনপ্রতি ৫ টাকার স্থলে ১০ টাকা ভাড়া আদায় করতে থাকে। এতে সাধারণ মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ সৃষ্ঠি হয়।
বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসলে ১২ এপ্রিল একটি বিজ্ঞপ্তি দিয়ে জেলা প্রশাসক জানান, “মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা” শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন পত্রিকায় যে তথ্য ও কটোকার্ড প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও অসত্য। এ ধরনের অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
এ বিষয়ে জেলা প্রশাসন, মৌলভীবাজার এর পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, মৌলভীবাজার জেলা শহরের জনগণের অভিযোগের পরিপ্রেক্ষিতে ৯ এপ্রিল জেলা প্রশাসনের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক, মৌলভীবাজার পৌরসভা, বিআরটিএ প্রতিনিধি, জেলা পুলিশ প্রতিনিধি, ব্যাটারি চালিত অটোরিক্সা মালিকপক্ষ, চালকপক্ষ এবং যাত্রী প্রতিনিধিগণ। সভায় ন্যায্য ভাড়া নির্ধারণ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হলেও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। সংশ্লিষ্ট সকল অংশীজনের অংশগ্রহণে পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে মর্মে সভার কার্যক্রম সমাপ্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে, উক্ত সভার ভুল ব্যাখ্যা দিয়ে অসাধু মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পত্রিকায় জেলা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছে, যা সম্পূর্ণরূপে অনভিপ্রেত। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার বা শেয়ার করার পূর্বে তার সত্যতা যাচাই করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে আহ্বান করেন।
স্থানীয় সচেতন মহল বলছেন, শহরে যানজট সমস্যা এখন প্রকট। যত্রতত্র পার্কিং পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। তা ছাড়া শহরে যাত্রী ও লোকসংখ্যার তুলনায় টমটম, সিএনজি অধিক হয়ে গেছে। এসব যান বাহনের উপর কোরো কোনো নিয়ন্ত্রণ নেই। অভিযোগ রয়েছে কর্তৃপক্ষকে মাসিক চাঁদা, উৎকোচ দিয়ে শহরে অতিরিক্ত এবং ফিটনেস বিহীন গাড়ির চলাচল নিশ্চিত করা হয়। বিষয়টির সুরাহা না হলে ভবিষ্যতে এ সমস্যা দূরীকরণ অসম্ভব হয়ে পড়তে পারে। মৌলভীবাজার শহরে টমটম ভাড়া পূর্বের ৫ টাকা বহাল থাকায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
