সিলেট ব্যুরো: সিলেটে ১১ এপ্রিল উদ্বোধন হচ্ছে ৭ দিন ব্যাপী আঞ্চলিক এসএমএস পণ্য মেলার উদ্বোধন। উদ্যোক্তাদের পণ্যের নতুন বাজার সৃষ্টি করতে এ আয়োজন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাত দিনব্যাপী মেলার উদ্বোধন করার কথা রয়েছে ঐদিন বিকেল তিনটায়।
এ উপলক্ষে আজ বুধবার সিলেটের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে হয়েছে এক সভা ও সংবাদ সম্মেলন ।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।
সভায় জানানো হয়, এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় আগামী ১১ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে আঞ্চলিক এসএমই পণ্য মেলা অনুষ্ঠিত হবে। মেলার মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ, প্রচার এবং বিক্রয় বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ আয়োজনের অংশ হিসেবে পর্যাপ্ত স্টল স্থাপন করা হবে, যেখানে হস্তশিল্প, চামড়াজাত সামগ্রী, কৃষি প্রক্রিয়াজাত খাদ্যসহ বিভিন্ন দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। এসময় মেলার বিভিন্ন ম্টলে কৃষকদের প্রদর্শিত পণ্য বিক্রি না হলে সেটার ন্যায্য মূল্য আয়োজক কর্তৃক পরিশোধের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়। মেলায় আমদানিকৃত কোনো পণ্য প্রদর্শনের অনুমতি থাকবে না।
আয়োজকরা জানান, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণে পুলিশ ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হবে এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই মেলা স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের নতুন বাজার সৃষ্টি করবে এবং দেশীয় শিল্পের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা ও সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এবং সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রোবাইয়াৎ। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা এ আয়োজনকে স্বাগত জানিয়ে মেলার সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি জানান, সরকারের বাণিজ্য, শিল্প ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এ মেলা উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
