স্টাফ রিপোর্টারঃ রাজনগরে যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ বৃহস্পতিবার ভোর ৫টা ৫০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের শুভ সূচনা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাংবাদিক ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এদিকে সকাল ৯টায় রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদার।
পুলিশ, আনসার ও ভিডিপি, স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এ কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ১১টায় উপজেলা মাল্টিপারপাস হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদারের সভাপতিত্বে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন শাহার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজনগর থানা অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন আহমেদ ভুইয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারজানা হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টার, মুক্তিযোদ্ধের সাবেক কমান্ডার সজল চক্রবর্তী, উজেলা জামায়াতের আমীর আবু রাইয়ান শাহীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুপক চন্দ্র দেব, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আহমদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। পরে উপজেলা মাল্টিপারপাস হল রুমে একটি সাংসৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে রাজনগর পোর্টিয়াস উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবং পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে দিনের সমাপ্তি হয়।
