বিনোদন ডেস্কঃ ছোটপর্দার প্রিয় মুখ কাজল সুবর্ণ।একদিকে করোনা এবং অন্যদিকে নতুন জীবন নিয়ে ব্যস্ততা, সব মিলিয়ে অভিনয়ে তাকে বিরতি দিতে হয়েছিল। বিরতির পর আবারও অভিনয়ে নিয়মিত হয়ে উঠেছেন কাজল।
তিন বছরেরও বেশি সময় ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদ খানের সঙ্গে তার প্রেম ছিল। গত বছর অনেকটা তাড়াহুড়া করেই তাকে বিয়ে করেন কাজল সুবর্ণ। কারণ তার শাশুড়ি অসুস্থ ছিলেন। বিয়ের কিছুদিন পর তার শাশুড়ি ইন্তেকাল করেন। একদিকে করোনা এবং অন্যদিকে নতুন জীবন নিয়ে ব্যস্ততা, সব মিলিয়ে অভিনয়ে তাকে বিরতি দিতে হয়েছিল। বিরতির পর আবারও অভিনয়ে নিয়মিত হয়ে উঠেছেন কাজল। তার অভিনীত আরটিভিতে সৈয়দ শাকিল পরিচালিত ধারবাহিক ‘অব দ্য রেকর্ড’ ধারাবাহিক নাটকটি প্রচার হচ্ছে। অন্যদিকে রাশেদা আক্তার লাজুক পরিচালিত ‘পরিবার’ ধারাবাহিকটি এটিএন বাংলায় প্রচার হচ্ছে। এরই মধ্যে টানা ৩ দিন কাজল ‘পরিবার’ ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিয়েছেন। বিরতির পর আবারও অভিনয়ে ফেরা প্রসঙ্গে কাজল বলেন, ‘সত্যি বলতে কী, নতুন জীবনে প্রবেশ, সেই নতুন জীবন নিয়ে ব্যস্ততা। তার মধ্যে আমার শাশুড়ির ইন্তেকাল, সব মিলিয়ে আমাকে একটু বিরতি নিতে হয়েছিল। এখন আবারও বিরতির পর অভিনয়ে ফিরেছি। নিয়মিত অভিনয় করব। আগামী ঈদের জন্য বেশ কিছু ইউটিউব-কেন্দ্রিক নাটকে কাজ করার প্রস্তাব এসেছে। কিন্তু আমি চ্যানেলের নাটকে কাজ করায় আগ্রহী বেশি। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। সত্যি বলতে কী, অভিনয়টা আমার কাছে নেশা। যে কারণে ভালো গল্প এবং চরিত্রের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। হয়তো সামনে ভালো গল্প পাব। তখন আরও বেশি নিয়মিত কাজ করব।’ কাজল সুবর্ণর অভিনয়ে অভিষেক ছোটবেলায় তাজিন আহমেদের মেয়ের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। পরিণত বয়সে তাকে প্রথম অভিনয়ে দেখা যায় দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘অপরাজিতা’য় বিপাশা চরিত্রে।
এ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় চলে আসেন তিনি। পরে তাকে ‘শান্তিপুরীতে অশান্তি’, ‘খানবাড়ি বাড়াবাড়ি’সহ বেশ কিছু ধারাবাহিকে অভিনয়ে দেখা যায়। তার অভিনীত খ-নাটকের মধ্যে আলোচিত হয়েছে ‘লতিফের বউ’, ‘ম্যাজিক মজনু’, ‘ডাবল বউ’, ‘জামাই ৪২০’, ‘বাবু বিড়ম্বনা’, ‘বাবা’, ‘বিহাইন্ড দ্য লাভ’, ‘দাদার ভিমরতি’, ‘দিল্লি কা লাড্ডু’, ‘কতকাল দেখিনি তোমায়’ নাটকে কাজলের অভিনয়ে দর্শক মুগ্ধ হয়েছেন। ১৭টির অধিক বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেও আলোচনায় এসেছেন কাজল সুবর্ণ। রয়েছে সিনেমায় কাজ করার আগ্রহ। সরকারি অনুদানের সিনেমা কিংবা ব্যতিক্রমধর্মী গল্পের সিনেমায় কাজ করার আগ্রহ রয়েছে তার।
