গোয়েন্দা কর্মকর্তা বেশে ছিনতাইকারী আটক


অনলাইন ডেস্ক: বেনাপোল ইমিগ্রেশনে গোয়েন্দা কর্মকর্তা বেশে ভারতগামী পাসপোর্টযাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল ভবন থেকে আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক ছিনতাইকারী নয়ন বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

কাস্টমসের নিরাপত্তা সংস্থা আনসার ব্যাটালিয়নের পিসি মাহাবুব হোসেন জানান, ওই ছিনতাইকারী গোয়েন্দা কর্মকর্তা সেজে প্যাসেঞ্জার টার্মিনালে লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীর কাছে কত টাকা আছে জানতে চায়। পরে ওই যাত্রীরা টাকা বের করে দেখালে তার হাত থেকে টাকা নিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় যাত্রী আনসার সদস্যের কাছে অভিযোগ করলে অভিযুক্ত ছিনতাইকারীকে আটক করে পুলিশে দেয়া হয়।

বেনাপোল পোর্টথানা পুলিশের এসআই আব্দুল লতিফ জানান, আটকের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Post a Comment

Previous Post Next Post