নিজস্ব প্রতিনিধি :: যে সব শিক্ষা প্রতিষ্ঠানে একজনও পাস করেনি, অনুসন্ধান করে সেইসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ সোমবার (৬ মে) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসির ফল ঘোষণা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে মন্ত্রী এসএসসির ৮টি বোর্ডের ফল গ্রহণ করেন। বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা তার হাতে ফল তুলে দেন।
শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মত কঠিন কোন শাস্তি নয়, পাস না করার কারণ অনুসন্ধান করা হবে। শিক্ষকদের গাফেলতি থাকলে প্রতিষ্ঠান নয়, সেই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
অপর এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, সার্বিক ফলাফল ভালো হওয়া আমার জন্য নয়, শিক্ষার্থীদের প্রিপারেশন ভালো ছিল। ভালো পড়াশোনা করেছেন, তাই তাদের ফলও ভালো হয়েছে।
