ঢাকায় অনিশ্চিত তামিম

ঢাকায় অনিশ্চিত তামিম


অনলাইন ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের ‘টার্গেট’ করেছিলেন তিনি। কিন্তু তা আর হয়নি। মাঝে নতুন চোট হামলে পড়ায় এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে খেলা নিয়েও সংশয়ে রয়েছেন তামিম ইকবাল।

এশিয়া কাপে আঙুলে চোট পাওয়ার পর থেকেই ক্রিকেটের বাইরে তামিম। মাঠে ফেরার জন্য বিসিবির পক্ষ থেকে যেমন সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, তেমনি তিনি নিজেও মরিয়া চেষ্টা করেছেন। এর পরও ফিট হওয়ার সব পূর্বাভাস ভেস্তে যাওয়ায় ভীষণ হতাশ তামিম, ‘ফিট হওয়ার জন্য সব করেছি। সে কারণেই দুঃখটা বেশি। মাঝে সাইড স্ট্রেইনটা না হলে হয়তো বলতে পারতাম যে দ্বিতীয় টেস্ট (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) খেলবই। কিন্তু এ ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারছি না। নেটে আজ (গতকাল) স্পিন খেলেছি। কোনো সমস্যা হয়নি। পরশু (আগামীকাল) থেকে পুরোদমে নেট করব। তখন আসলে বুঝতে পারব চোটের কী অবস্থা।’

আঙুলে আর কোনো সমস্যা অনুভব করছেন না তামিম। তাঁর আশঙ্কা কোমরের পেশির চোট নিয়েই, ‘আঙুল একদম ঠিক আছে। ভয় শুধু সাইড স্ট্রেইনটা নিয়ে। ওয়ানডে হলে ভিন্ন ব্যাপার ছিল। কিন্তু এটা টেস্ট ম্যাচ। সে ক্ষেত্রে আবার যদি চোট পাই তাহলে পাঁচ-ছয় সপ্তাহের জন্য ছিটকে পড়তে হবে।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলা নিয়ে মনে দ্বিধা থাকলেও ওয়ানডে সিরিজের শুরু থেকে মাঠে থাকার ব্যাপারে আশাবাদী তামিম, ‘ওয়ানডে সিরিজ শুরু হতে এখনো দুই সপ্তাহের মতো সময় আগে। তত দিনে কোনো সমস্যাই থাকার কথা নয়।’ তবে দ্বিতীয় টেস্টে তাঁর ফেরার সম্ভাবনা এখনই নাকচ হয়ে যায়নি। নেট প্রস্তুতি ও জাতীয় দলের ফিজিওর প্রতিবেদনেরই ওপরই নির্ভর করছে ঢাকা টেস্টে তামিমের খেলার বিষয়টি। সে কারণে ৩০ নভেম্বর ঢাকায় শুরু হতে যাওয়া টেস্টের দল ঘোষণাও কিছুটা বিলম্বিত হবে।

Post a Comment

Previous Post Next Post