অনলাইন ডেস্কঃ ভারতে জমে উঠেছে ‘মি টু’ বনাম ‘হিম টু’র লড়াই। মাঠের লড়াই এখন গড়াচ্ছে আদালতে। মি টু হ্যাশট্যাগে পুরুষদের বিরুদ্ধে অভিযোগ করছেন নারীরা।
কিন্তু বিনা লড়াইয়ে পরাজয় মানছেন না পুরুষেরা। খ্যাতনামা সাংবাদিক ও ক্ষমতাসীন সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমজে আকবরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ সাংবাদিক প্রিয়া রামানির। তবে এই অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট’ উড়িয়ে দেন আকবর। এখানেই শেষ নয়।
প্রিয়ার বিরুদ্ধে মানহানির মামলাও ঠুকে দেন। এর মধ্য দিয়ে শুরু হয় আইনি লড়াই। এই লড়াইয়ে আকবরের পক্ষে মাঠে নেমেছেন ৯৭ জন বাঘা বাঘা উকিল। তবে আদালতে লড়াই করবেন মাত্র ছয়জন। ছাড় দেয়ার পাত্রী নয় মি টুও। আইনি লড়াইয়ে প্রস্তুত প্রিয়াও। খবর টাইমস অব ইন্ডিয়ার।
প্রায় দুই সপ্তাহ আগে আকবরের বিরুদ্ধে অভিযোগ আনেন প্রিয়া। এই অভিযোগে তার পদত্যাগের দাবি তোলেন বিরোধী দলগুলো। জোর বিতর্কের মধ্যে কয়েক দিনের বিদেশ সফর শেষে রোববার দেশে ফেরেন আকবর। পরাজয় না মেনে এর বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন তিনি।
সোমবারই প্রিয়ার বিরুদ্ধে করেন মানহানির মামলা। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, দিল্লির পাতিয়ালা কোর্টে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ (মানহানি) ধারা এবং ৫০০ (মানহানির শাস্তি) ধারায় এই মামলা করা হয়েছে।
ছয়জন আইনজীবীর একটি দলকে মাঠে নামিয়েছেন আকবর! আকবরের আইনজীবীরা বলছেন, ‘সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য নিয়ে নিছক বদনাম ছড়ানোর জন্য প্রিয়া কুৎসা রটিয়েছেন।’ এই ধারায় শাস্তিপ্রাপ্ত ব্যক্তির সর্বোচ্চ দুই বছরের জেল হতে পারে।
