ঈদের আগে ও পরে দেশজুড়ে দুই সপ্তাহের নিরাপত্তা


অনলাইন ডেস্কঃ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, ঈদকে সামনে রেখে আগে ও পরে দেশজুড়ে দুই সপ্তাহের নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করছে র‌্যাব।

তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তায় দেশজুড়ে এই বাহিনীর ২৪৫টি পেট্রোল টিম কাজ করবে এবং ৫৬টি স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স নিয়োজিত থাকবে।

শনিবার দুপুরে আসন্ন কোরবানির ঈদের নিরাপত্তা নিয়ে রাজধানীর কাওরান বাজারস্থ র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মূখপাত্র কমান্ডার মূফতি মাহমুদ খান, মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি মো. মিজানুর রহমান ভুঁইয়া প্রমুখ।

র‌্যাবের মহাপরিচালক বলেন, সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা এড়াতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ দুর্ঘটনা প্রতিরোধে ২৩, ২৪ ও ২৫ আগস্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়কে বিশেষ টহল ও চেকপোস্ট থাকবে। এছাড়া যানবাহনের ওভারস্প্রিড, নিয়ন্ত্রণহীন ও লাইসেন্সবিহীন চালকদের নজরদারি করা হবে।

তিনি বলেন, র‌্যাব হেডকোয়ার্টারের ফেসবুক পেজে চার ঘণ্টা পরপর সারাদেশের সব পথের অবস্থার আপডেট দেয়া হবে। র‌্যাবের ১৪ ব্যাটালিয়নের ফেসবুক পেজেও তাদের আওতাভুক্ত এলাকার আপডেট থাকবে। প্রয়োজন মনে করলে জনসাধারণ আপডেট দেখে বের হতে পারেন।

Post a Comment

Previous Post Next Post