অনলাইন ডেস্কঃ রাশিয়া অনুষ্ঠিতব্য বিশ্বকাপ শুরুর আগেই সতর্ক থাকতে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাা নির্দেশনা দিয়েছে। কীভাবে, কাদের সঙ্গে চলতে হবে সে অনুযায়ী খেলোয়াড়দের ব্রিফিংও করা হয়েছে।
তবুও চুরি ঠেকানো গেল না। নাইজেরিয়ার সাবেক ফুটবলার নোয়াংকো কানু রাশিয়ান দুই চোরের খপ্পরে পড়ে খুইয়েছেন ৮০০০ পাউন্ড।
ঘটনাটি ঘটেছে গত রোববার। বিশ্বকাপ দেখতে একটু আগেভাগেই রাশিয়ায় চলে এসেছেন কানু। রোববার মস্কোর শেরেমেতেভো এয়ারপোর্টে বিমান থেকে নামেন কানু। আর সেখানেই ঘটে বিপত্তি। তার কাছে থাকা ৮০০০ পাউন্ড চুরি করে নিয়ে যায় দুই চোর। সঙ্গে সঙ্গে তিনি কর্তৃপক্ষকে ব্যাপারটি জানান।
রুশ পুলিশ দ্রুততার সঙ্গে চুরির ঘটনাটি তদন্ত করে এয়ারপোর্টেরই মালামাল বহনকারী দুই কুলিকে চিহ্নিত করে। জিজ্ঞাসাবাদের পর দোষী সাব্যস্ত করে তাদের ছয় বছরের জেল দেয়া হয়। কানুর চুরি যাওয়া ৮০০০ পাউন্ড ফেরত দেয়া হয় তাকে।
ক্লাব ফুটবলে আয়াক্সের হয়ে ১৯৯৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন কানু। এছাড়াও আর্সেনাল এবং ইন্টার মিলানের মতো বড় দলে খেলেছেন তিনি। ১৯৯৬ সালে নাইজেরিয়ার হয়ে অলিম্পিকে স্বর্ণও জিতেছেন। সুপার ঈগলদের হয়ে খেলেন ২০০২ এবং ২০১০ বিশ্বকাপ।
