কমলগঞ্জে আগুনে পুড়লো দুই সহোদরের মাথা গোঁজার ঠাঁই, লক্ষাধিক টাকার ক্ষতি


হিফজুর রহমান তুহিনঃ  কমলগঞ্জের ইসলামপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গৃহপালিত গরু ছাগল, আসবাবপত্র, স্বর্ণালংকার, মুল্যবান কাগজপত্র ও নগদ অর্থসহ বসতঘর। 
ঘটনাটি মঙ্গলবার রাত দেড়টার দিকে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছয়ঘরি গ্রামে ঘটে। পবিত্র শবে বরাতের রাতে মানুষ যখন মসজিদে মসজিদে ইবাদতে মশগুল ঠিক সে সময় মঙ্গলবার দিবাগত রাত অত্র গ্রামের হীরক ও মিলন দুই সহোদরের বসত ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় দুর্বুত্তরা। এতে আসবাপত্র, স্বর্ণ, নগদ অর্থ সহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ইসলামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এটি একটি অমানবিক ঘটনা। তিনি ভুক্তভোগী পরিবারকে সার্বিক সহযোগীতা করার আশ্বাস দিয়েছেন। 
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন পিপিএম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্তক্রমে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

Previous Post Next Post