৩০০ বছরের নীল হীরা নিলামে


অনলাইন ডেস্কঃ ৩০০ বছর ধরে ইউরোপের বিভিন্ন রাজপরিবারের কাছে থাকা বিরল একটি নীল হীরা ৬৭ লাখ ডলারে বিক্রি হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত একটি নিলামে এটি বিক্রি হয় বলে জানিয়েছে বিবিসি।

ভারতের বিখ্যাত গোলকোন্ডা খনি থেকে উত্তোলিত ৬ দশমিক ১ ক্যারটের এ হীরকখণ্ডটি ১৭১৫ সালে পারমার ডিউককন্যা এলিজাবেথ ফার্নেসের বিয়েতে উপহার দেয়া হয়েছিল। স্পেনের পঞ্চম ফিলিপকে বিয়ে করা ফার্নেসের নামেই পরে হীরাটি পরিচিতি পায়।

নীল এ হীরা এরপর প্রজন্ম থেকে প্রজন্মের হাত ঘুরে স্পেন থেকে ফ্রান্স ও ইতালি হয়ে অস্ট্রিয়া পৌঁছায়। সোথেবির নিলামঘরে হীরাটি নিয়ে দরকষাকষি শুরু হওয়ার ৪ মিনিটের মাথায় এটি বিক্রি হয়ে যায় বলে জানিয়েছে বিবিসি। বিক্রির আগে এর সম্ভাব্য দর ছিল ৩৫ থেকে ৫০ লাখ ডলার।

সোথেবির রত্ন বিশেষজ্ঞ ডেনিয়েলা মাসেটি জানান, ‘আমরা ভালো ফল প্রত্যাশা করছিলাম। যদিও আমরা শুরু করেছিলাম ৩৫ লাখ ডলার থেকে, শেষ করি ৬৭ লাখে। আমরা আমাদের ধারণার চেয়ে বেশি পেয়েছি।’

নাশপাতি আকৃতির হীরাটি এক সময় দুর্ভাগা ফরাসি রানী মেরি অ্যান্টোনিটের মুকুটে শোভা পেত বলে নিলামঘরের ওয়েবসাইটে জানানো হয়েছে। হীরাটি বিক্রি হলেও এর ক্রেতার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

Post a Comment

Previous Post Next Post