বিয়ানীবাজার প্রতিনিধিঃ মাহা-বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বিয়ানীবাজারের মুড়িয়া ফুটবল দল। মৌলভীবাজারের বড়লেখা দক্ষিণভাগ ফুটবল একাডেমিকে হারায় তারা ২-১ গোলের ব্যবধানে।
বৃহস্পতিবার বিকালে প্রায় ৩০ হাজার দর্শকে পূর্ণ বিয়ানীবাজার পিএইচজি মডেল স্কুল মাঠে প্রথমে এগিয়ে যায় মুড়িয়া ফুটবল দল।
প্রথমার্ধে ২০ মিনিটে মুড়িয়া দলের হলে খেলা জাতীয় ফুটবল দলের তকলিছের ভলিতে এগিয়ে যায় মুড়িয়া। কর্নার কিক থেকে ডান প্রান্তে অরক্ষিত অবস্থায় বল পেয়ে আড়াআড়ি ভলিতে বল জালে জড়ান তিনি।
এ গোলের তিন মিনিটের মাথায় গোল সমতায় ফেরান বড়লেখা দক্ষিণভাগের আফ্রিকান ফুটবলার প্যাটেল।
দ্বিতীয়ার্ধে পনের মিনিটের মাথায় মুড়িয়া আফ্রিকান ফুটবলার কামারার হেড বল জাল খোঁজে পেলে ২-১ গোলে এগিয়ে যায় মুড়িয়া।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ফ্যাশন হাউস মাহা’র সত্ত্বাধিকারী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, পৌর মেয়র আব্দুস শুকুর, বড়লেখা পৌরসভার মেয়র কামরান হোসেন, আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাসিব মনিয়া প্রমুখ।
অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের দলনেতা ও ম্যানেজারের হাতে প্রাইজমানি ও ট্রফি তুলে দেন।
