অনলাইন ডেস্কঃ নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে গতকাল বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল। সেখানে চিকিৎসাধীন ডা. রেজওয়ানুল হক শাওন, ইমরানা কবির হাসি ও কবির হোসেনের শয্যাপাশে কিছু সময় কাটান।
এসময় মন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজ নেন এবং স্বজনদের সাথে কথা বলেন। আহতরা মন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় পুরো দেশ তাদের প্রতি যে সমবেদনা জানিয়েছে তার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
মন্ত্রী আহতদের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারটি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দেন এবং চিকিৎসার দায়িত্ববহন করায় ইউএস বাংলাকে ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, নেপালের কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে গত ১২ মার্চ ইউএস বাংলার বিমান বিধ্বস্ত হলে পরদিনই বিমান ও পর্যটন মন্ত্রী কাঠমান্ডু যান। সেখানে নেপালের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাবাহিনী প্রধানের সাথে বৈঠক করে আহতদের উন্নত চিকিৎসা ও নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মাঝে দেশে আনতে তিনি ভূমিকা রাখেন।
