শীতলক্ষ্যায় নৌকাডুবি: নিখোঁজ পাঁচজনের লাশ উদ্ধার



অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালুবাহী বলগেটের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে ও আজ রবিবার সকালে দক্ষিণ রূপসীসহ আশপাশের এলাকায় লাশগুলো ভেসে ওঠে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

এরা হলেন- ঢাকার ধোলাইপাড় এলাকার তুষার আহমেদ, একই এলাকার সাইফুল ইসলাম রিপন বাবু, কদমতলী থানার দক্ষিণ দনিয়া এলাকার লতিফ খান, রূপগঞ্জ থানার তারাব পৌরসভার মাসাবো এলাকার জাসিম খান ও পূর্ব ধোলাইপাড় বাজার এলাকার শরীফ।

গত শুক্রবার রাত ১০টার দিকে শীতলক্ষ্যা নদীতে উপজেলার রূপসী কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তারাব পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হামিদুল্লাহ জানান, রাজধানীর ডেমরা থেকে ১৪ জনের একদল যুবক একটি নৌকা ভাড়া নিয়ে শীতলক্ষ্যা নদীতে ঘুরতে আসেন। রাত সাড়ে নয়টার দিকে রূপসী কাজীপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীর মাঝপথের দিকে গেলে একটি বালুবাহী বলগেট পেছন থেকে এসে ওই নৌকাটিকে ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে নৌকাটি ডুবে যায়।  এসময় নৌকাতে থাকা ১৪ জনের মধ্যে ৯ জন সাঁতরিয়ে উপরে আসেন। পাঁচ জন নিখোঁজ হন।

Post a Comment

Previous Post Next Post