অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি ইমাম মাওলানা আলাউদ্দিন আকুঞ্জি ও তার সহযোগী তারা উদ্দিন হত্যার ঘটনায় অভিযুক্ত অস্কার মুরালকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে আদালত।
শুক্রবার দুপুরে নিউইয়র্কের কুইন্স অপরাধ আদালতে বারো সদস্যের জুরি বোর্ড ও একজন বিচারক চাঞ্চল্যকর এই মামলার একমাত্র আসামীর বিরুদ্ধে এ রায় দেন।
আগামী ১৮ এপ্রিল সাজার মেয়াদ ঘোষণা করবে আদালত। আইনজীবীরা জানিয়েছেন, নিউইয়র্ক অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ডের বিধান না থাকায় আসামির যাবজ্জীবন হওয়ার সম্ভাবনা বেশি।
বিচারক গ্রেগরি ল্যাসাক জানান, আসামি অস্কার মুরালকে ফাস্ট, সেকেন্ড, থার্ড ও ফোর্থ ডিগ্রি মার্ডারার হিসাবে চিহ্নিত করা হয়েছে।
কুইন্স বোরোর ডিস্ট্রিক্ট এটর্নি রিচার্ড এ ব্রাউন বলেন, এ হত্যাকাণ্ড একটি অমানবিক ঘটনা। দিনে-দুপুরে প্রকাশ্যে সবার সামনে এই বন্দুক সহিংসতা ঘটানো হয়েছে।
তিনি বলেন, আসামির বিরুদ্ধে আদালতে সবকটি অভিযোগ প্রমাণিত হয়েছে। টানা তিন সপ্তাহ ধরে নিউইয়র্কের কুইন্স ক্রিমিনাল কোর্টে মামলাটির শুনানি চলেছে।
ঘটনার বিবরণ, মামলার তদন্ত, আশেপাশের ভিডিও ফুটেজসহ সব কিছুই প্রমাণ করে অস্কার মুরাল-ই ইমাম আলাউদ্দিন আকুঞ্জি ও তারা উদ্দিনকে গুলি করে পলিয়ে যায়।
ঘটনার পরপর স্থানীয়দের সহায়তায় অস্কার মুরালকে গ্রেফতার করা হয়। ওই সময় অভিযুক্তের বাসা থেকে হত্যাকাণ্ডেব্যবহৃত অস্ত্রও উদ্ধার করে পুলিশ।
আদালতে দোষী সাব্যস্তের পর আসামি ৩৭ বছর বয়সী স্পেনিশ যুবক অস্কার মুরালের আইনজীবী মাইকেল শেড তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।
আসামিঅস্কার মুরাল হত্যাকাণ্ডেতার জড়িত থাকার কথা সব সময় অস্বীকার করে আসছেন। আগামী ১৮ এপ্রিল এই মামলায় আসামির বিরুদ্ধে সাজার মেয়াদ ঘোষণা করবেন বিচারক।
রায়ে মামলায় দোষী সাব্যস্ত হওয়া অস্কার মুরালের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে জানিয়েছেন আইনজীবীরা। নিউইয়র্ক অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ডের বিধান নেই।
ইমাম আকুঞ্জিসহ দুই বাংলাদেশি হত্যাকাণ্ডের রায় যেকোনো সময় হতে পারে বলে গত কয়েক সপ্তাহ ধরে গুঞ্জন ছিল।
সর্বশেষ গত বৃহস্পতিবার মামলার শুনানি শেষে পরদিন ২৩ মার্চ শুক্রবার রায় ঘোষণার কথা বলা হয়।
ফলে এদিন কুইন্সের অপরাধ আদালতে হত্যার শিকার হওয়ার দুই বাংলাদেশির পরিবারের সদস্য, কমিউনিটির নেতৃবৃন্দ ও উৎসুক প্রবাসীরা ভিড় জমান।
তারা আসামি অস্কার মুরালকে দোষী সাব্যস্ত করে আদালতের দেয়া সিদ্ধান্তে সন্তোষ জানিয়ে আগামী ১৮ এপ্রিল সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১৩ আগস্ট নিউইয়র্কের ওজন পার্কে দিনেদুপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত হন স্থানীয় আল ফোরকান জামে মসজিদের ইমাম আলাউদ্দিন আকুঞ্জি (৫৫) ও তার সঙ্গী অপর বাংলাদেশি মুসল্লি তারা উদ্দিন (৬৪)।
পুলিশ হেফাজতেআসামী অস্কার মুরাল।
ঘটনার বিবরণে জানা যায়, ওই দিন জোহরের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন ইমাম আকুঞ্জি ও তারা উদ্দিন।
তারা দুপুর পৌনে ২টার দিকে ওজন পার্কের ৮০ স্ট্রিট ও লিবার্টি এভিনিউয়ের কোনায় এসে পৌঁছালে অজ্ঞাত এক ব্যক্তি আকস্মিক তাদের খুব কাছ থেকে পিছন হতে গুলি করে।
এতে ইমাম আকুঞ্জি ঘটনাস্থলেই মারা যান আর মুসল্লি তারা উদ্দিনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন।
এরপর এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ব্রুকলিন থেকে স্পেনিশ যুবক অস্কার মুরালকে গ্রেফতার করে।
আলাউদ্দিন আকুঞ্জির বাড়ি বৃহত্তর সিলেটের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে আর তারা উদ্দিনের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের জাঙ্গাহাটা গ্রামে।
