সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে এরশাদ



অনলাইন ডেস্কঃ ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে যোগ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার সকাল সোয়া ৯টার দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছান। এসময় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

এর আগে পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সালমা ইসলাম, আব্দুস সাত্তার, বিরোধী দলের চিফ হুইফ তাজুল ইসলামসহ পার্টির অন্যান্য নেতাকর্মীরা মঞ্চে আসেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আজকের মহাসমাবেশ থেকে আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন, দেবেন রাজনীতিতে নতুন বার্তা।

বেলা ১১টায় মহাসমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরশাদ এতে সভাপতিত্ব করবেন। পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদেরসহ শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।

এদিকে সমাবেশে অংশ নিতে সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল সহকারে প্রবেশ করছেন জাতীয় পার্টি ও সম্মিলিত জোটের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এসময় তারা নির্বাচনী বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে মাঠ ও আশপাশের এলাকা। হুসেইন মুহম্মদ এরশাদের ছবিসংবলিত ব্যানার-পোস্টার দিয়ে সমাবেশের চারপাশ সাজানো হয়েছে। উদ্যানের ঠিক মাঝখানে উত্তরমুখী মঞ্চ তৈরি করা হয়েছে। প্রধান মঞ্চের কয়েক ফুট দূরেই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ।

Post a Comment

Previous Post Next Post